হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এছাড়াও সারাদেশের ৩৯ ভাগ বোরো ধানও কাটা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
সোমবার (১১ মে) কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের ধান সফলভাবে কর্তন শেষ হয়েছে। আশা করা যায়, আগামী জুন মাসের মধ্যে সফলভাবে সারা দেশের বোরো ধান শতভাগ কর্তন সম্পন্ন হবে।’
কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধু হাওরে এ বছর বোরো আবাদ হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে। এর মধ্যে গতকাল পর্যন্ত মোট কর্তন হয়েছে ৪ লাখ ৩৯ হাজার হেক্টর, যা হাওরভুক্ত মোট আবাদের শতকরা ৯৯ ভাগ। সারা দেশে বোরো আবাদ হয়েছে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে। এর মধ্যে কর্তন হয়েছে ১৮ লাখ ১৮ হাজার হেক্টর, যা মোট আবাদের শতকরা ৩৯ ভাগ।
আরও জানানো হয়, সারাদেশে মোট ১৪টি কৃষি অঞ্চলে প্রায় ৫৫ লাখ ৭০ হাজার ৩৬১ জন কৃষি শ্রমিক ধান কাটায় নিয়োজিত আছেন। হাওরের মতো সফলভাবে নিরাপদে অন্য অঞ্চলের বোরা ধান কাটার জন্য যেখানে প্রয়োজন সেখানে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে কৃষি শ্রমিককে পাঠানো অব্যাহত রয়েছে।
পাশাপাশি, সারাদেশে এক হাজার ৪৯৭টি কম্বাইন হারভেস্টার ও ২ হাজার ৪৫৫টি রিপার ধান কাটায় ব্যবহার হচ্ছে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস