ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংস্কারে নির্ধারণ করে দেওয়া সামগ্রীর চেয়ে কম পরিমান সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ ওঠায় সরেজমিন ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার কাজের মান যাচাই করতে যান। এসময় ‘কিছু’ অংশে সামগ্রী কম ব্যবহার করার কার্পেটিং এর পুরুত্ব কম থাকার প্রমাণ মিলেছে। ওই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে সঠিক ভাবে কাজ করার নির্দেশনা দেন ইউএনও।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের বড়পুল পর্যন্ত সড়কের মধ্যে প্রায় ২১ কিলোমিটার সংড়ক সংস্কার-কার্পেটিং করার জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ বরাদ্দ হয়। সড়ক ও জনপথ বিভাগের এ সড়কটি সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাহের ব্রাদার্স। গত কয়েকদিন ধরে আঞ্চলিক এ মহাসড়কটির ঈশ্বরগঞ্জ অংশে দুই কিলোমিটারের কাজ শুরু হয়েছে। সড়কটির সংস্কার কাজ তদারকি করছে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু সড়ক নির্মাণে যতটুকু পুরুত্ব দিয়ে কার্পেটিং করার কথা তার চেয়ে কম পরিমাণ সামগ্রী ব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠে।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানার পর সোমবার দুপুরে সড়কের কাজ যাচাই করতে যান তিনি। ওই সময় নির্মাণ কারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএনওকে জানানো হয় ৫০ মিলিমিটার পরিমাণ কার্পেটিং করার নির্দেশনা রয়েছে। কিন্তু যাচাই করে সড়কে ৪০ মিলিমিটার কার্পেটিং পান উপজেলা নির্বাহী অফিসার।

ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কারের কাজ শুরু হলেও কাজে নয়ছয় হচ্ছে। নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী জয় নাগ বলেন, আঞ্চলিক এ মহাসড়কের ২১ কিলোমিটার সড়কে ৫০ মিলিমিটার করে কার্পেটিং এর কাজ চলমান রয়েছে। কিছু কিছু জায়গায় সামগ্রী কম পরিমাণ থাকা অপ্রত্যাশিত।’

সড়ক সংস্কার কাজ তদারকির দায়িত্বে থাকায় সড়ক ও জনপথ বিভাগের ঈশ্বরগঞ্জ শাখার উপ-সহকারী প্রকৌশলী শেখ মোজাম্মেল হক বলেন, এক থেকে দুইশ মিটার জায়গায় সামগ্রী কম হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে সঠিক মাপের কাজ করিয়ে নেওয়া হবে।’

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠায় সরেজমিন তিনি তদন্তের জন্য যান। কিছু ত্রুটি থাকায় কর্তৃপক্ষকে সঠিক ভাবে পূণরায় কাজ করার নির্দেশনা দিয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর