গর্ভবতী নয়, তবুও মাতৃত্বকালীন ভাতার টাকা নেন ইউপি সদস্য

গর্ভবতী না হয়েও মাতৃত্বকালীন ভাতার টাকা নেয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এক নারী ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে। এ ঘটনায় গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য রুলি খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন একজন ভুক্তভোগী।

রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে মাজেদ আলী উল্লেখ করেন, তার পুত্রবধূ গর্ভবতী হওয়ায় নারী ইউপি সদস্যের কাছে কয়েকবার ভাতা মঞ্জুরির জন্য আবেদন করা হয়। পরে তিনি বলেন, যে পরিমাণ বরাদ্দ ছিল তা পূরণ হয়ে গেছে, আর সম্ভব হবে না।

এ ঘটনা জানার জন্য রহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ বাইরুল ইসলামের কাছে গেলে ২০১৯-২০ অর্থবছরে ৭৯ জন দরিদ্র মাতৃত্বকালীন ভাতার তালিকা তৈরির কথা জানান।

এ সময় ভাতা তালিকায় নারী ইউপি সদস্য রুলি খাতুনের নামে অন্তর্ভুক্তির ভুয়া তালিকা প্রকাশ পায়।

এছাড়াও, ওই ইউপি সদস্যের আপন বড় ভাই রহনপুর শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতির স্ত্রী মোসা. মাহাবুবা বেগম (৩৬) ও তার চাচাতো ভাইয়ের স্ত্রী মোসা. জলি খাতুন (২৩) গর্ভবতী না হয়েও ভুয়া প্রত্যায়ন ব্যবহার করে ভাতা তালিকাভুক্ত করান।

রহনপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ মো. বাইরুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মীরা গর্ভবতীদের তালিকা প্রণয়ন করার পর ইউনিয়ন পর্যায় হয়ে সংশ্লিষ্ট অফিসে প্রেরণ করা হয়। তবে জানা গেছে রুলি খাতুনের নামটি বাদ দেয়া হয়েছে। বাকি আরও ২জনের ভুয়া তালিকার তথ্য জানতে পেরেছেন তিনি।

অভিযুক্ত রুলি খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো অনিয়ম করেননি। যারা অভিযোগ করেছে শত্রুতাবশত করেছে।

এদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর