বগুড়ায় আলোচিত শাহীনুর রহমান ওরফে ঝটিকা শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। ধান কাটা শ্রমিকদের বহনকারী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীন এর আগে ২০১৮ সালে বগুড়ার এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেছিলেন। ওই ঘটনা দেশব্যাপী বেশ আলোচিত হয়েছিলো। পরে যুব শ্রমিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নীলফামারীর জলঢাকা থেকে ধান কাটতে ৪৬ জন শ্রমিককে নিয়ে একটি বাস কুমিল্লায় যাচ্ছিলো। সোমবার ভোররাতে বগুড়া শহরের চারমাথা এলাকায় শাহীনসহ বেশ কয়েকজন বাসটির গতিরোধ করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহীন ও তার লোকজন বাস চালক মনির ও সহকারী রতনকে এলোপাথাড়ি মারপিট করতে শুরু করে। এসময় বাসে থাকা ধানকাটা শ্রমিকরা ঝটিকা শাহীনকে আটক করে। পরে ওই মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে মারপিটের শিকার বাসচালক মনির এই ঘটনায় বাদি হয়ে সোমবার শাহীনসহ ১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তিন দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনসহ বিকেলে শাহীনকে আদালতে হাজির করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস