২৪ ঘন্টায় আরও ১৬২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, মোট ১৭৫৬

গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ১৬২ পুলিশ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা দাড়িয়েছে ১৭৫৬ জনে। এখন করোনায় প্রাণ হারিয়েছেন পুলিশের সাত সদস্য।

প্রাণঘাতী এই ভাইরাসে পুলিশে মোট আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৮১০ জন। রোববার এই সংখ্যা ছিল ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি সূত্র জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ১০৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৮০৩ জনকে। এ পর্যন্ত ১৬৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে ফিরেছেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এছাড়াও, ২৫০ শয্যাবিশিষ্ট বেসরকারি ইমপালস হাসপাতাল আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে সেখানে চিকিৎসা শুরু হয়েছে। ছয়টি বিভাগীয় শহরে হাসপাতাল ভাড়া করে সেখানেও প্রয়োজনীয় সুবিধা যুক্ত করা হচ্ছে। করোনায় আক্রান্ত চিকিৎসাধীন সদস্যদের খোঁজখবর নিতে উচ্চতর পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা মনিটরিং কমিটিও করেছে পুলিশ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর