ফরিদপুরে এক ব্যাংক কর্মীর করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩

ফরিদপুরে এক ব্যাংক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সোমবার বিকালে সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্র জানায়, সোমবার যে ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তার বয়স ২৮। তিনি ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করেন এবং একটি বেসরকারি ব্যাংকের হেল্প লাইনে চাকুরি করেন। গত ৭ মে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে সোমবার নতুন করে একজনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এই ৩৩ জনের মধ্যে বোয়ালমারীতে ১০, ফরিদপুর সদরে ৮, নগরকান্দায় ৫, ভাঙ্গায় ৩, চরভদ্রাসন, আলফাডাঙ্গায় ও সদরপুরে ২ জন করে এবং মধুখালীতে ১ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ওই ব্যাংক কর্মীর বাড়িটি লকডাউন করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর