রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় নিজ বাসায় অবস্থানকালে ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হন।
তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। আজ (সোমবার) বিকালে আক্রান্ত শিক্ষার্থী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা গত শনিবারে করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে গতকাল পরিবারের আরো ৩ সদস্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে করোনা পরীক্ষা করান৷ এতে ওই শিক্ষার্থীর নমুনা পজিটিভ আসলেও, তার মা ও বড় ভাইয়ের করোনা নেগেটিভ এসেছে।
আক্রান্ত ওই শিক্ষার্থী জানান, “বাবার করোনা পজিটিভ হবার পরই আমরা নিজ উদ্যোগে গতকাল করোনা টেস্ট করাই। আজ সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে আমি এবং আমার বাবা ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।
এবিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান জানান, “আমি বিষয়টি জেনেছি এবং শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ”
কেএ/বার্তাবাজার