ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পুলিশের পাঁচ সদস্য সহ উভয় গ্রুপের ৩৫ জন আহত হয়েছে। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেয়া হয়। এসময় উভয় পক্ষের হামলায় পুলিশের একটি গাড়ি ভাংচুর সহ ১৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আটক করা হয় উভয় গ্রুপের ১০জনকে।
শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা জানান, রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি এর সমর্থকদের সাথে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ আলী আহমেদ সাকিব( সাকু) এর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এতে ৫ পুলিশ সদস্য সহ উভয় গ্রুপের ৩৫ জন আহত হয়। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেয়া হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, পুলিশ সংঘর্ষের খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১০জনকে। তিনি বলেন পুলিশের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও শটর্গানের ২০ রাউন্ড গুলি চালানো হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বার্তা বাজার/এম.সি