দেখতে দেখতে ভয়ংকর আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আজকের ১১ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা এখন ২৩৯ জন।
সোমবার (১১ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা.নাসিমা জানান, গত একদিনে মারা যাওয়া ১১ জনের মাঝে ৫ জন পুরুষ ও ৬ জন নারী। বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রোগী ছিলেন ২ জন। এছাড়া ৫১ থেকে ৬০ এর মাঝে বয়স এমন রোগী ৪ জন, ৪১-৫০ এর মাঝে ২ জন, ৩১ থেকে ৪০ এর মাঝে ২ জন ও ২১ থেকে ৩০ বছর বয়সের মাঝে ১ জন মারা গিয়েছেন।
তিনি আরও জানান, অঞ্চলভেদে মৃতদের পরিসংখ্যান করলে দেখা যায়, ঢাকাতেই মারা গিয়েছেন ৮ জন। এছাড়া চট্টগ্রামে ২ জন ও রংপুর বিভাগে ১ জন সর্বশেষ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৫২ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।
বার্তাবাজার/এসজে