মহামারি করোনার সংক্রমণ রোধ করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ সোমবার (১১ মে) আবার আদালতের বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
রোববার (১০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্ট বিভাগের তিনটি বেঞ্চ গঠন করে দিয়েছেন। একইসঙ্গে চেম্বার বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া অধস্তন আদালতে শুধু জামিন সংক্রান্ত বিষয়সমূহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালতের কার্যক্রম পরিচালনা জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর ফলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়।
অধ্যাদেশের বিধান অনুসারে আপিল বিভাগ বা ক্ষেত্রমতো হাইকোর্ট বিভাগ সময়ে সময়ে এ বিষয়ে প্রাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে।
বার্তাবাজার/এসজে