মহামারী করোনার প্রকোপে গত মার্চের ১৭ তারিখ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফা দফায় এই বন্ধের সময় বাড়িয়ে তা নেয়া হয়েছে ৩০মে পর্যন্ত। তবে এবার শোনা যাচ্ছে ঈদের পরেও চালু হচ্ছে না দেশের শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ঈদের পরেও খোলে দেয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ওই সময়টায় শিক্ষার্থীদের কোনো রকম চাপ না দিয়ে টিউশন ফি নেয়া যাবে।
স্কুল-কলেজ খুলে দেয়া প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, ৩০ মে’র পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার খবরটা পুরোটাই গুজব। কারণ এ ধরনের কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে হয়নি।
তিনি আরও জানান, আগামী ৩০ মে পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর কাছাকাছি সময়ে গিয়ে পরিস্থিতি বিবেচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। সম্প্রতি প্রধানমন্ত্রীও এক অনুষ্ঠানে বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ সবই বন্ধ থাকবে, যদি করোনাভাইরাস অব্যাহত থাকে। যখন এটা থাকবে না, তখনই খুলব।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, সাধারণ ছুটির সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রোজা ও ঈদের ছুটিও চলছে। এরপর গ্রীষ্মকালীন ছুটিসহ আগামী ৬ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এর আগেই পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনোভাবেই স্কুল খোলার সম্ভাবনা নেই।
বার্তাবাজার/এসজে