ভুলক্রমে নিজেদের জাহাজেই মিসাইল নিক্ষেপ করায় ইরানের নৌবাহিনির ২০ সেনা নিহত হয়েছে। রোববার (১০ মে) পারস্য উপসাগরে এই ভয়াবহ ভুলের ঘটনাটি ঘটেছে। তবে এটাকে ‘মানবসৃষ্ট ভুল’ বলে দাবি করছে ইরানি সেনাবাহিনী।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, জামারান থেকে ছোড়া সি-৮০২ নুর মিসাইল হঠাৎ অন্য একটি জাহাজের ওপর আঘাত হানে। ইরানি নেভিবহরে যুক্ত হওয়া নতুন ওই জাহাজে ৩০ থেকে ৪০ জন সদস্য ছিলেন। নিহতদের মধ্যে ওই জাহাজের কমান্ডারও আছেন।
ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস ক্রপস (আইআরজিসি) জানিয়েছে, এটি মানবসৃষ্ট ভুল বলে ধারণা করা হচ্ছে। তবু গোটা বিষয়টি তদন্ত করা হবে।
পারস্য উপসাগরে আমেরিকার সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে এই ঘটনা ইরানকে আরও চিন্তিত করবে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে দুই দেশের নৌবাহিনীর মধ্যে প্রায় যুদ্ধ লেগে যায়। পরে আমেরিকা বিবৃতিতে জানায়, ইরান তাদের ‘হয়রানি’ করেছে।
এর ভেতর গত শনিবার গুজব ছড়ায়, যুক্তরাষ্ট্রের একটি ড্রোন নিজেদের সীমানার পানিতে ফেলেছে ইরান। পরে এটি নিয়েও দুই দেশ তর্কে জড়ায়। পারস্য উপসাগরে ইরানের চলমান মহড়া সাম্প্রতিক এই উত্তেজনাকে কেন্দ্র করেই।
বার্তাবাজার/এসজে