চেয়ারম্যানের বাড়ি থেকে কাজের মেয়ের লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের এক প্রভাবশালী চেয়ারম্যানের বাসা থেকে মারুফা আক্তার নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনার আরেক উপজেলা বারহাট্টার ৬নং সিংধা ইউনিয়নের ওই চেয়ারম্যানের নাম শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চন। শনিবার (৯ মে) সন্ধ্যায় চেয়ারম্যানের বাড়ির বড়ই গাছ থেকে ঐ কিশোরীর লাশ পাওয়া যায়।

জানা যায়, মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুরস্থ হাসপাতাল রোডের বাসিন্দা, পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার ৬নং সিংধা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মাহবুব মোর্শেদ কাঞ্চনের বাড়িতে ২ বছর ধরে গৃহকর্মী হিসাবে করত মারুফা আক্তার (১৪)। মারুফা চেয়ারম্যানের গ্রামের আলী আকবরের মেয়ে।

ঘটনার দিন শনিবার সন্ধ্যায় চেয়ারম্যান নিজেই ওই গৃহপরিচারিকা মারুফার লাশ হাসপাতালে নিয়ে যান। এর আগে তিনি নিজেই তার বাড়ির বড়ই গাছ থেকে মারুফার ঝুলন্ত লাশ নামিয়ে আনেন। পুলিশকে না জানিয়ে চেয়ারম্যান নিজেই ঝুলন্ত লাশ নামানোর ঘটনায় জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মারুফা নিজেই আত্মহত্যা করল নাকি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তা নিয়ে মোহনগঞ্জ শহর ও তার নিজ ইউনিয়নে দিনভর গুঞ্জন চলে।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি ইন্সপেক্টর আবদুল আহাদ খান বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা এবং হত্যার পূর্বে শারীরিক ও পাশবিক নির্যাতন করা হয়েছে কি না, তা নিশ্চিতের জন্য কিশোরী মারুফার লাশ রোববার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর