প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে বৃটেনে আটকে পড়া ১৩০ শিক্ষার্থী সোমবার সকালে ঢাকা পৌঁছাচ্ছেন। রবিবার সন্ধ্যায় তারা লন্ডন থেকে রওনা করবেন। সে মতেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বৃটেনের বাংলাদেশ হাই কমিশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধারণা করা হয়েছিল ২০০ এর মত বাংলাদেশি ফিরবেন। সে মতে অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল, কিন্তু দেশে ফিরে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ভয়ে শেষ সময়ে এসে অনেকে ফেরার সিদ্ধান্ত (আপাতত) স্থগিত এবং প্রদেয় বুকিং বাতিল করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তি মতে, হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল-২ এ উপস্থিত থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের বিদায় জানাবেন। তাদের এরইমধ্যে মেডিকেল চেকআপ হয়েছে। তারা সবাই কোভিড-১৯ এর উপসর্গ মুক্ত মর্মে সার্টিফিকেট পেয়েছেন।
ঢাকায় ফেরার পর তাদের অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়- বাংলাদেশ বিমানের ওই স্পেশাল ফ্লাইটে যারা ঢাকা থেকে লন্ডন যাচ্ছেন তাদেরও হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
উল্লেখ্য, সেগুনবাগিচা জানিয়েছে- লন্ডনের বাংলাদেশ মিশনের বিশেষ অনুরোধে বৃটেনে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বাংলাদেশ বিমানের ওই স্পেশাল ফ্লাইট ব্যবহারের অনুমতি দেয় সরকার। ১০ মে রোববার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণে করে একই দিনে ঢাকার উদ্দেশে যাত্রা করবে বিমানটি।
বার্তাবাজার/এমকে