দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। এরই মাঝে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ জানাচ্ছেন অনেকে। কঠিন এ পরিস্থিতিতে দেশের জনগণের চিকিৎসা পাওয়ার অধিকার লঙ্ঘিত হওয়ায় রিট করবে জাতীয় মানবাধিকার কমিশন।
গতকাল রবিবার কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় মানবাধিকার কমিশন অনলাইন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। উপস্থিত ছিলেন সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ; অবৈতনিক সদস্য ড. নমিতা হালদার, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান, চিংকিউ রোয়াজা।
সভার শুরুতে করোনাকালীন সময়ে জনগণ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মর্মে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিষয়ে আলোচনা করা হয়। জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নির্দেশনা এবং বারবার কমিশনের সুপারিশ পাঠানো সত্ত্বেও কোনো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণে চিকিৎসাসেবা নিশ্চিত না হওয়ায় কমিশন রিট দায়ের করার সিদ্ধান্ত নেয়।
এছাড়া করোনাকালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহে কমিশনের বিভিন্ন পদক্ষেপ, ইউএনডিপির সহযোগিতায় হিউম্যান রাইটস প্রোগ্রামের প্রায় এক কোটি টাকায় দলিত ও অনগ্রসর, প্রতিবন্ধী এবং হিজড়া জনগোষ্ঠীর মধ্যে মোট ৮ হাজার ৪০০টি পরিবার এবং ১ হাজার ৫৭০ ব্যক্তিকে স্থানীয় প্রশাসনের সহায়তায় ত্রাণ বিতরণ, ২০২০-২১ অর্থবছরের বরাদ্দকৃত বাজেট বিভাজন সম্পর্কে সভায় আলোচনা হয়।
কেএ/বার্তাবাজার