ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা মারা যাওয়ায় আসনটি শূণ্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।রোববার (১০ মে) সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গত বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি হাবিবুর রহমান মোল্লা। ৭৮ বছর বয়সী এই সংসদ সদস্য স্ত্রী, তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়।
১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন। হাবিবুর রহমানর মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।
২০০৮ সালের সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
বার্তাবাজার/ডাব্লিও.এস