ফরিদপুরে একই পরিবারের পাঁচজন ও এক এসএসসি পরীক্ষার্থীসহ ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত ৩২ জন করোনা রোগী শনাক্ত হলো।
রবিবার বিকেলে সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্র জানায়, রোববার নতুন করে যে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে তাদের পাঁচজন একই পরিবারের সদস্য। এদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউপির একটি গ্রামে।
আক্রান্তদের একজন সম্প্রতি ঢাকার গেন্ডারিয়া থেকে বাড়িতে আসেন। তিনি আগেই করোনা আক্রান্ত ছিলেন। তার স্পর্শে আসায় ওই পরিবারের পাঁচজনের করোনা শনাক্ত হলো। এছাড়া করোনা শনাক্ত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থীর। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউপির একটি গ্রামের বাসিন্দা।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে রোববার নতুন করে ছয়জন করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ৩২ জনের করোনা শনাক্ত হলো। এই ৩২ জনের মধ্যে বোয়ালমারীতে ১০, ফরিদপুর সদরে ৭, নগরকান্দায় ৫, ভাঙ্গায় ৩, চরভদ্রাসন, আলফাডাঙ্গায় ও সদরপুরে ২ জন করে এবং মধুখালীতে ১ জন। সিভিল সার্জন আরো বলেন, এরইমধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নগরকান্দার ৪ এবং বোয়ালমারী ও ভাঙ্গায় ১ জন করে রয়েছেন।
সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, বোয়ালমারীর চতুল ইউপির ওই বাড়িটি আগেই বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল সদরপুরের ঢেউখালী ইউপির এসএসসি পরীক্ষার্থীর বাড়িটিও বিচ্ছিন্ন করা হয়েছে।
বার্তাবাজার/ডাব্লিও.এস