লেবাননে এক বাংলাদেশি নারীকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার (৯ মে) দিবাগত রাতে রাজধানী বৈরুতের নাভা এলাকায় ওই নারীর ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই নারীকর্মীর নাম হামিদা বেগম। এ ঘটনায় ওই নারীর স্বামী পলাতক রয়েছে। যার ফলে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয় প্রবাসীরা ধারণা করছে পারিবারিক কলহের জেরে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
স্থানীয় এক প্রবাসী জানান, কিশোরগঞ্জ জেলার সুমন ও পিরোজপুর জেলার হামিদা বেগম দু’জনেই লেবানন প্রবাসী। কয়েক বছর আগে তারা উভয়েই বৈধভাবে লেবানন আসেন।পরিচয় থেকে ভালোবাসা। পরে বিয়ে করলে গত বছর তাদের কোলজুড়ে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান।
সুমন প্রতিনিয়ত জুয়া ও মদ্যপানে অভ্যস্ত ছিল। বিভিন্ন সময় টাকার জন্য হামিদাকে নির্যাতন করতো। স্থানীয় প্রবাসীদের ধারণা হয়তো টাকার জন্য হামিদার স্বামীই তাকে হত্যা করে আত্মহত্যা সাজাচ্ছে। আবার হয়তো হামিদা নির্যাতন সহ্য করতে না পেরে নিজেই আত্মহত্যা করেছে।
বার্তাবাজার/ডাব্লিও.এস