টিসিবির সয়াবিন তেল কালোবাজারে বিক্রির ঘটনায় গ্রেফতার হওয়া রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (১০ মে) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম আসামির রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এর আগে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলায় আইনুল আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এসময় আসামির আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেন বিচারক।
মামলা সুত্রে জানা যায়, গত শুক্রবার মোহাম্মদপুর বিজলী মহল্লা থেকে আইনুলকে আটক করে র্যাব-২’র একটি দল। এসময় টিসিবির ১২০ লিটার তেল জব্দ করা হয়। পরদিন তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, টিসিবির ডিলার ‘সিরাজ এন্টারপ্রাইজ’ ৬ হাজার লিটার ভোজ্য তেল সংগ্রহ করে। এ তেল ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির কথা ছিল। কিন্তু তা না করে সেই তেল কালোবাজারে বিক্রি করেন আইনুল।
সিরাজ এন্টারপ্রাইজের লাইসেন্স সিরাজুল ইসলামের নামে। তিনি মারা যাওয়ার পর তার ছেলে আইনুল সেই লাইসেন্সে ব্যবসা করছেন।
বার্তাবাজার/ডাব্লিও.এস