‘সরকারী কর্মকর্তার উপর হামলা গুরুতর অপরাধ’- ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকার সাভারের আশুলিয়া হাটবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপর হামলা একটি গুরুতর অপরাধ উল্লেখ করে বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। রবিবার (১০ মে) বিকালে বাজার এলাকা পরিদর্শনে এসে বার্তা বাজারের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ছবি:বার্তাবাজার।

এসময় প্রতিমন্ত্রী জানান, বিষয়টি আমাকে সাভারের ইউএনও সাহেব জানিয়েছেন, আশুলিয়া থানায় প্রায় ৪০ জনকে আসামী করে মামলাও হয়েছে। আশুলিয়া থানার ওসির সাথে কথা হয়েছে, এটা নিয়ে তারা কাজ করছেন। সরকারি একজন কর্মকর্তার উপর হামলা হয়েছে, এটা গুরুতর অপরাধ। বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে।

এই হামলা পূর্বপরিকল্পিত কিনা এমন প্রশ্নের জবাবে মাননীয় প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত করেই এটা জানা যাবে। তদন্তের আগে কোনো ধরণের মন্তব্য না করাই ভালো।

এপ্রসঙ্গে তিনি আরও জানান, এরা সবাই আমার এলাকার জনগন, সবার স্বার্থ আমাকে দেখতে হবে। যাতে ন্যায় বিচার হয়, সুবিচার হয়, সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদ্ধার হবার পরেই আমরা সিদ্ধান্ত নেবো।

হামলার পরে পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামী কেনো ধরা পড়লো না গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে মাননীয় প্রতিমন্ত্রী জানান, মামলা হলে সবাই পলাতক থাকে, কেউ তো রেডি থাকে না ধরা দেবার জন্য। পলাতকদের আটক করা সময়ের ব্যাপার। পুলিশ তাদের কাজ করে যাচ্ছে, আসামীদের অবশ্যই আটক করা হবে।

ছবি:বার্তাবাজার।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে সড়কের পাশের সকল হাটবাজারগুলি ঢাকা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে নিকটস্থ স্কুলের মাঠে অস্থায়ীভাবে সরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা মেনে ঢাকা জেলার আশুলিয়া হাটবাজারটি সম্প্রতি আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তরিত হয়েছে।
ছবি: বার্তাবাজার।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, গত ৬ মে সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ওই আশুলিয়া হাটবাজার পরিদর্শনে গেলে হামলার শিকার হন।

পরে সেদিন বিকালে হামলার ঘটনায় আশুলিয়া রাজস্ব সার্কেলের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী (নাজির) মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত এজাহার দায়ের করলে ৩৩২/৪২৭/৫০৬ ধারায় থানা মামলা (মামলা নং-০৬, তারিখঃ ০৬-০৫-২০২০ ইং) এন্ট্রি করে।

মামলার প্রধান আসামীরা হলেন, আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার মৃত মজুল মাদবরের ছেলে রুহুল মাদবর, একই এলাকার কফিল উদ্দিন বেপারীর ছেলে আবু তালেব বাবু, আলি মাদবরের ছেলে আলামিন মাদবর এবং সাভার দক্ষিন পাড়া এলাকার মৃত হরিদাস সাহার ছেলে বিপ্লব সাহা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর