গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু সোমবার

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা করোনা ভাইরাস শনাক্তে ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের উদ্ভাবন করে। তাদের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষা সোমবার (১১ মে) শুরু হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) নিজস্ব ল্যাবে এ পরীক্ষা শুরু হবে।

রোববার (১০ মে) দুপুরে বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে বিএসএমএমইউ হাসপাতালের নিজস্ব ল্যাবে আমাদের বিজ্ঞানীদের তৈরি কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে। তাদের সঙ্গে বৈঠক এ সিদ্ধান্ত হয়েছে। বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ ১০০ কিট চেয়েছে। সোমবার তাদের সেই কিট দেয়া হবে।

গণস্বাস্থ্যের করোনা ভাইরাস শনাক্তকরণ কিট পরীক্ষা নিয়ে বিতর্কের পর ৩০ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদফতরের থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বা আইসিডিডিআর,বিতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমিত দেয়া হয়। এরপর গত ২ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ এই কিট তৈরি করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর