মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া গ্রামের এক কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
রবিবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকের প্রায় ৬০ শতাংশ ধান কেটে দেন নেতাকর্মীরা।
করোনা পরিস্থিতি ও শ্রমিক সংকটের কারণে কৃষক মাসুম মিয়া জমির ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আশরাফুল ইসলাম জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন ও গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আপন আকাশ স্থানীয় ২০-২৫ জন ছাত্রলীগ নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রোজা রেখে বিনা পারিশ্রমিকে এই কৃষকের ধান কেটে দেন।
এ বিষয়ে জাবি ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের তত্বাবধানে আমরা ছাত্রলীগের প্রতিটি ইউনিট কৃষক ভাইয়ের পাশে থেকে ধান কাটার ব্যবস্থা করছি। আমি রোজা রেখে এই মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে একজন ছাত্রলীগের কর্মী হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে এবং দেশের যে কোন মুহূর্তে মাঠে থেকে কাজ করে যাব।
কৃষক মাসুম মিয়া বলেন, এই সময়ে ধান কাটার শ্রমিক না পাওয়ায় আমি ছাত্রলীগের ভাইদের সাথে যোগাযোগ করি,তারা এসে ধান কেটে দিয়ে আমার অনেক উপকার করলো। আমার পাকা ধান কেটে দেওয়ায় আমি খুব খুশি। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগের সবাইকে ধন্যবাদ জানাই।