না’গঞ্জে মার্কেটের ভিড় কমাতে লাঠিচার্জ

দেশের সকল মার্কেটের মত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের মার্কেট খুলতেও শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু নির্দেশনা না মেনে রোববার (১০ মে) মার্কেট খোলায় পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছে। একইসাথে ভিড় কমাতে লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ। দুপুরে এই ঘটনা ঘটে নগরীর প্রাণকেন্দ্র কালিরবাজারে ফ্রেন্ডস মার্কেটে। মার্কেটটি খুলতে কোনো ধরনের প্রশাসনিক নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানা হয়নি।

জানা যায়, সকালে মার্কেট খোলার পর থেকেই শত শত ক্রেতা মার্কেটে ভিড় করেন, যার অধিকাংশই নারী। শারীরিক দুরত্ব না মেনে তারা গাদাগাদি করেই কেনাকাটা করে যাচ্ছিল। সেখানে আগত ক্রেতাদের জন্য ছিল না কোনো সুরক্ষা ব্যবস্থা। পরে পুলিশ এসে বার বার ভিড় জমানো ক্রেতাদের সরে যেতে বললেও তারা না সরলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আব্দুল হাই জানান, সকাল থেকে তিন দফায় তাদের সতর্ক করা হলেও তারা কোনো স্বাস্থ্যবিধি অনুসরণ করেনি। এমনকি তারা কোনো জীবাণূমুক্তকরণ ব্যবস্থাও করেননি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্রেতাদের সরিয়ে দিয়ে মার্কেটটি বন্ধ করে দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর