পাবনায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর নগদ প্রায় ছয় লাখ টাকা ও আরো সাত লাখ টাকার চেক ছিনতাই করে পালানোর সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন ও তার তিন অনুসারীকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরে জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহঃস্পতিপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন (২৭), তার অনুসারী রানা হক (২৭) এবং শিপন হোসেন (২৫)।
রুহল আমিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে সাঁথিয়া এলাকার সুপরিচিত ব্যবসায়ী সিরাজুল ইসলাম নগদ পাঁচ লাখ পঁচাশি হাজার আটশত টাকা ও সাত লক্ষ টাকার চেক অগ্রণী ব্যাংকের আতাইকুলা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। পথে বৃহস্পতিপুর বাজার এলাকায় ভীড়ের মধ্যে রুহুল আমিন ও তার অনুসারীরা ছুরি দিয়ে আঘাত করে তার নিকট থেকে টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ব্যবসায়ী সিরাজুলের চিৎকারে স্থানীয়রা রুহুল ও তার তিন সঙ্গীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ওসি আরো জানান, আটক যুবকদের আতাইকুলা থানায় আনা হয়েছে। তাদের নিকট থেকে নগদ চার লাখ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এব্যাপারে আতাইকুলা থানায় ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বার্তা বাজার/এম.সি