সরিষাবাড়ীতে পৌর মেয়র-কাউন্সিলরদের মাঝে সংঘর্ষ: আহত ১০

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন ও কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার সকালে পৌর সভায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন কয়েক কাউন্সিলর ও যুবলীগ নেতাকর্মীসহ অন্তত ১০ জন।

জানা যায়, দুর্নীতির অভিযোগে কাউন্সিলরদের অনাস্থা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়ার পর রবিবার সকাল সাড়ে ১১টায় মেয়র রোকন পৌরসভায় প্রবেশের চেষ্টা চালান। এ সময় স্থানীয় কাউন্সিলররা তাদের বকেয়া ভাতা দাবি করে ও বিভিন্ন দুর্নীতির ব্যাপারে প্রশ্ন করলে মেয়র এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে উদ্দেশ্য করে বিভিন্ন বাজে মন্তব্য করতে থাকেন। এসময় কাউন্সিলররা মেয়রের এ আচরণের প্রতিবাদ জানালে মেয়র ও কাউন্সিলরদের মাঝে সংর্ঘষ বাধে। হামলায় প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কাউন্সিলর কালা চাঁন পাল ও জহুরুল ইসলাম আহত হন।

এদিকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার ঠিকাদারী কাজে পৌরসভায় গেলে মেয়রের নেতৃত্বে তার উপরও হামলা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এতে সুমন চাকলাদারসহ যুবলীগ কর্মী সাদ্দাম, নান্নু, কফিল, বাবু, লিটন আহত হয়।
এদিকে ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাউন্সিলররা সংবাদ সম্মেলন করেন। এসময় তারা ঘটনার বিচার দাবি করেন।

এ বিষয়ে প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, মেয়র পৌরসভায় এসে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়েছে।

এ বিষয়ে মেয়র রুকুনুজ্জামান রোকন বলেন, আমি দাপ্তরিক কাজে পৌর সভায় গেলে কাউন্সিলররা আমার উপর হামলাা চালায়। এছাড়া আমার ব্যবসা প্রতিষ্ঠান ও আমার বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছে।

সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর