কাঁঠালবাড়িতে ঢাকামুখী যানবাহন-মানুষের ভিড়

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কাঁঠালবাড়ি নৌরুটে দিন দিন বেড়েই চলছে যাত্রীর চাপ। সীমিত আকারে পোশাক কারখানা চালু এবং ১০ মে থেকে মার্কেট খোলা রাখার ঘোষণার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে।

রবিবার (১০ মে) সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের চাপ দেখা যায়।

গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে কাঁঠালবাড়ি ঘাটে এসে ভিড় করছেন।

এদিকে বেড়েছে ছোট যানবাহন ও পণ্যবাহী ট্রাকের চাপও। সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরিতেই নদী পাড়ি দিচ্ছে সাধারণ যাত্রীরা। ছোট যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১২টি ফেরি চালু রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌরুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টির চলাচল বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারে ৭টি ফেরি সীমিত আকারে চলাচল করত।

যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন ১২টি ফেরি চালু রাখা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পার হচ্ছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর