করোনায় মারা যাওয়া সাংবাদিকদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবী

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সংবাদকর্মীদের পরিবারকে গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে ৫০ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার (৯ মে) বিএফইউজে’র সভাপতি মোল্লা জালালের সভাপতিত্ব জাতীয় প্রেসক্লাবে সভা শেষে এক যৌথ বিবৃতিতে এই দাবী জানান সংগঠনের নেতারা।

যৌথ বিবৃতিতে বলা হয়, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজন সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ও আরও অন্তত ৮০ জন গণমাধ্যমকর্মী আক্রান্ত হয়ে হাসপাতাল ও ঘরে-বাইরে চিকিৎসাধীন আছেন।

জরুরি সভায় দেশব্যাপী করোনা দুর্যোগের সময় সংবাদপত্র ও টেলিভিশন মালিকদের সংগঠন নোয়াব ও অ্যাটকোর ভূমিকায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন বিএফইউজে-ডিইউজের নেতারা। এতে বলা হয়, নোয়াব ও অ্যাটকোর নেতারা দুর্দশাগ্রস্ত সাংবাদিকদের পাশে না দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করছেন।

এ কঠিন সময়ে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা, কর্মী ছাটাই বন্ধ ও বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধে গণমাধ্যম মালিকরা ব্যর্থ হলে সাংবাদিকরা কর্মবিরতি পালন ও ধর্মঘটের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

তারা পবিত্র ঈদুলফিতরের আগেই সংবাদকর্মীদের বকেয়াসহ চলতি মাসের বেতন ও উৎসব ভাতা প্রদান করার দাবি জানান। কোনো সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গণমাধ্যম মালিককে বহন করার দাবি জানান তারা।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ। সূত্র-ইউএনবি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর