করোনা আতঙ্কের মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে পরিবারিক বিরোধের জেরে মোছা. রহিমা খাতুন (৪৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় স্বামী রতন মিয়াকে (৪৭) আটক করেছে পুলিশ।
রবিবার (১০ মে) সকালে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কটিয়াদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।
পুলিশ সূত্রে জানা যায়, রতন মিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী। শনিবার সাহরি খাওয়ার পর তার স্ত্রী রহিমা নিজের ঘরে ঘুমিয়ে পড়েনন। ভোরে ধারালো দা নিয়ে রহিমার ওপর হামলা করেন রতন। এ সময় তার হাত, পা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় রহিমাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী রতনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কটিয়াদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল বলেন, পরিবারের লোকজন দাবি করছে রতন মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বছরে দু-একবার তার এমন হয়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বার্তাবাজার/এমকে