পাবনা পৌর সদরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে জুয়েল রানা আকাশ (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
শনিবার (০৯ মে) দুপুরে তাকে হাসপাতালে ভর্তির পর রাতে সে মারা যায়।
নিহত জুয়েল পাবনা পৌর এলাকার মন্ডলপাড়া মহল্লার সুজন মিয়ার ছেলে ও পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল দশটার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জুয়েল রানা আকাশ। দুপুরের দিকে পুলিশ গোপন সংবাদে জানতে পেরে সাধুপাড়া সুইচ গেটের পাশের কলাবাগান থেকে ক্ষত বিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
থানায় মরদেহ রেখে পুলিশ তার পরিচয় সন্ধান করার এক পর্যায়ে সন্ধ্যার পরে আকাশের পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি আকাশের বলে সনাক্ত করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি পর্যন্ত তার পরিচয় মেলেনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন স্থানে তার ছবি দিলে তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।
ওসি আরো জানান, তবে কি কারণে, কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। তদন্ত করে দেখা দেখা হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার/এম.সি