ফেসবুকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখায় কারাগারে যুবক!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এম এস কে মাহাবুব (৪০) নামের এক ফেসবুক লেখককে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে লেখালেখি করায় ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন লেখকের মা। শনিবার (৯ মে) বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে ইয়াবা ধরিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।

সালেহা খাতুন নামের অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষিকা জানান, ‘মাদক বিক্রেতা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করায়, আমার ছেলেটাকে ঘর থেকে ডেকে নিয়ে প্রচণ্ড মারধর করে ইয়াবা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়া হয়েছে। আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।’

এ বিষয়ে গ্রেফতার হওয়া মাহবুবের ছোট বোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে কুলসুম মিলি বলেন, শনিবার বিকেল ৩টার দিকে একজন ছেলে আমার বড় ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখি তাকে কয়েকজন প্রচণ্ডভাবে মারতে মারতে একটি অটো রিকশায় তুলে।

সেখানে স্থানীয় ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মেহেদীকেও আমার ভাইকে মারধর করতে দেখা যায়। পরে থানায় গিয়ে জানতে পারি, মাওলানা মেহেদী ও তার লোকজন আমার ভাইকে সাত পিস ইয়াবাসহ পুলিশে সোপর্দ করে। শুধু তাই নয়, শুনেছি থানার ভেতরে পুলিশের ডিউটি কক্ষেও নাকি আমার ভাইকে প্রচণ্ড মারধর করে ওই মাওলানা।’

তবে এ অভিযোগকে মিথ্যা দাবি করে ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মেহেদী বলেন, ‘নুরুল ইসলাম নামের এক ছেলের কাছে মাহাবুব মাদক বিক্রি করার সময় তাকে স্থানীয় জনতা গণধোলাই দেয়।

আমি বরং তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিরাপদে পৌঁছে দেই। ঘটনাস্থলে কিংবা থানায় তাকে আমার মারধর করার তো প্রশ্নই ওঠে না। তবে মাওলানা মেহেদী জানান, ইদানিং মাওলানাদের ভণ্ড বলে পোস্ট দেওয়াসহ নানা বাজে কথা ফেসবুকে লিখায় অনেকেই তার ওপর ক্ষিপ্ত ছিলো।’

নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, সাত পিস ইয়াবাসহ ২০ থেকে ২৫ জন মানুষ মাহাবুবকে থানায় ধরে নিয়ে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ওসি জানান, থানার ভেতরে ডিউটি অফিসারের কক্ষে মারধর এবং ঘটনাটি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক কি-না, সেটিও খতিয়ে দেখা হবে।

কয়েক বছর আগে ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি ও মাদক কেনা বেচার অভিযোগে আরেকবার লেখক মাহাবুব গ্রেপ্তার হয়েছিলেন। সেসময়েও তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে লেখালেখির কারণেই গ্রেপ্তার হন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন মাহাবুব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর