যুক্তরাজ্যে লকডাঊনে আটকে পড়া বাংলাদেশীদের আনতে ও বাংলাদেশে আটকে পড়া বৃটেনের নাগরিকদের নিজ দেশে পৌছে দিতে রোববার (১০ মে) এক বিশেষ ফ্লাইট চালু হচ্ছে।
বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় বৃটিশ ও বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে পৌছানোর এই উদ্যোগ হাতে নিয়েছে। আর তার জন্য ভাড়া করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান।
রোববার (১০ মে) সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭১ আসনের বোয়িং ৭৮৭-৮ বিমানটি ঢাকা ছড়ে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা রয়েছে। বিমানটি বৃটেনের যাত্রীদের তাদের দেশে পৌছে দিয়ে সেখানে আটকে থাকা বাংলাদেশীদের নিয়ে পরদিন ফিরে আসার কথা রয়েছে।
এই বিমানে করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্যের সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। উপহারের তালিকায় রয়েছে করোনা সরঞ্জাম পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার, হাতমোজা, হেড-কাভার, সু-কাভার ও বিভিন্ন ভিটামিন ট্যাবলেট। সঙ্গে খাদ্যসামগ্রী হিসেবে থাকছে টাকটা সবজি ও মৌসুমি ফল।
এদিকে, বাংলাদেশি বংশোদ্ভূত ৫৮ ব্রিটিশ নাগরিককে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার। বিশেষ ফ্লাইটটি আজ রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে এসে সকাল ৯টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছে। পরে এতে বিমানের বিশেষ ফ্লাইটে ১১টা ২০ মিনিটে লন্ডন নিয়ে যাওয়া যাবে তাঁদেরকে।
বার্তাবাজার/এসজে