দক্ষিণ কোরিয়ায় মহামারি করোনা গত এক মাস ধরে কিছুটা পিছু হটেছিল। কিন্তু গত ২৪ ঘন্টায় আবারও নতুন করে ৩৪ জন আক্রান্ত হয়েছে। যা গত এক মাসের মাঝে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। রোববার (১০ মে) দক্ষিণ কোরিয়ার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, নতুন আক্রান্ত ৩৪ জনের মাঝে ২৬ জনই স্থানীয়ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন । আর বাকি আট জন বিদেশ থেকে এসেছেন।
দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম ইয়োনহাপ তাদের এক প্রতিবেদনে জানায়, নতুন করে আক্রান্তদের মাঝে বেশিরভাগই নাইটক্লাবে গিয়ে আক্রান্ত হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে নাইট ক্লাবে যাওয়া সবাইকে আবারও কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় দক্ষিণ কোরিয়ায় স্বাভাবিক হচ্ছিল জীবনযাপন। তবে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় করোনা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ বাড়ছে দক্ষিণ কোরিয়ায়।
বার্তাবাজার/এসজে