প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রিটেনে গেল একদিনে নতুন করে আরও ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ৫৮৭ জনে। করোনায় বিপর্যস্ত হওয়ার পরেও ব্রিটেন তাদের সীমান্ত বন্ধ করেনি।
প্রতিদিন ব্রিটেনের বিমানবন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গড়ে পনের হাজার লোক প্রবেশ করছেন। করোনা ভাইরাসের কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। এমনকি প্রবেশের পর তাদের জন্য নেই নির্দিষ্ট মেয়াদের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা।
তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে ব্রিটিশ সরকার। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটি ইঙ্গিত দেন ইউকে ডেপুটি চিফ মেডিকেল অফিসার প্রফেসর জনাথন ভানথাম। লকডাউন শিথিল কিংবা প্রত্যাহার নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লকডাউন নিয়ে উভয় সংকটে পড়েছেন ব্রিটেনবাসী।
একজন বলেন, লকডাউন কতটা কার্যকর হবে বলা যাচ্ছে না। মৃত্যুর হার এখনও কমেনি।
আরেকজন বলেন, এ দেশে যেহেতু শিক্ষিত মানুষ বেশি তারা সব নিয়ম মানে লকডাউন করলে তেমন কোনো অসুবিধা হবে না।
কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক দিয়ে বর্তমানে আমেরিকার পরেই ব্রিটেনের অবস্থান।
বার্তাবাজার/এমকে