আফগানিস্তানে ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ৬

মরণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আফগানিস্তানে রোজা উপলক্ষে অসহায়দের মধ্যে খাবার বিতরণের এক অনুষ্ঠানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে নিহত হয়েছেন ২ পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (৯ মে) দেশটির মধ্য ঘোর প্রদেশে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।

প্রাদেশিক রাজধানী ফিরোজকোহতে সরকারি অফিসে কাতারের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে খাবার বিতরণ করা হচ্ছিল। সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন কয়েকশ’ মানুষ। এদের মধ্যে কিছু লোক খাদ্য দ্রব্যের অন্যায্য বিতরণের অভিযোগ তুলে প্রতিবাদ জানায় বলে জানান ঘোর রাজ্য কাউন্সিলের উপপ্রধান আব্দুল রহমান আকশান।

তিনি বলেন, কিছু বিক্ষোভকারী সরকারি অফিসে ঢুকে পড়ার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। তাতে ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনার জন্য বিক্ষোভকারীদের দোষারোপ করেছেন সরকারি কর্মকর্তারা।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আরেফ জাবের জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর সরাসরি গুলি চালিয়েছিল। স্থানীয় রেডিওর একজন কর্মকর্তাসহ চারজন সাধারণ নাগরিক ও দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।

নিরাপত্তা কর্মকর্তাদেরও বিক্ষোভকারীরা মেরেছে বলে জানান আরেফ জাবের। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, জনসমাবেশে কিছু অবৈধ অস্ত্রধারী লোক সরকারি অফিসে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। ঘটনাটিকে বেদনাদায়ক বলে উল্লেখ করে ফেইসবুকে পোস্ট দিয়েছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর