করোনায় যুক্তরাষ্ট্রে আরও ৪ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (৯ মে) আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩০ বছরের এক গৃহবধূও রয়েছেন। এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রে ২১৪ বাংলাদেশির প্রাণহানি।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী এ সংবাদদাতাকে জানান, ময়মনসিংহের সন্তান এবং স্বামী নাজমুস সাকিবের সাথে লং আইল্যান্ডে বসবাসরত তাসমীন নাওয়ার তমা (৩০) দীর্ঘ ২৮দিন করোনার সাথে যুদ্ধ করে হাল ছেড়ে দিলেন ৯ মে শনিবার ভোর রাতে। তিনি ছিলেন স্টোনিব্রুক হাসপাতালে।

লং আইল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন সিলেটের সন্তান ও কুইন্সে বসবাসরত মুজাহেদ আলী (৭০)।

দিনাজপুরের সন্তান এবং উডসাইডে বসবাসরত মো. আব্দুল আজিজ (৬৫) ইন্তেকাল করেছেন একইদিন স্থানীয় হাসপাতালে। এর আগেরদিন রাত সাড়ে ১১টায় এস্টোরিয়ায় বসবাসরত সাব্বির এ খান (৬৭) মারা গেছেন মাউন্টশিনাই হাসপাতালে।

নিউইয়র্ক সিটিসহ পুরো রাজ্যে শুক্রবার মারা গেছে মোট ২২৬ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২১৬ অর্থাৎ একদিনের ব্যবধানে বেড়েছে ১০ জন। স্টেট গভর্নর এ্যান্ড্রু ক্যুমো প্রেস ব্রিফিংকালে জানান, তবে হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কমেছে। এ রাজ্যে মোট মারা গেছে ২৬ হাজার ৭৭১। আক্রান্ত হয় ৩ লাখ ৪৩ হাজার ৪০৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছে ৮৩ হাজার ৩৩৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর