ঢাকার সাভারের আশুলিয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই তিনজন হলো, আশুলিয়ার জিরাবাে পশ্চিমপাড়া এলাকার দেওয়ান সাহেরউদ্দিনের ছেলে দেওয়ান সিহাব (২২) ও দেওয়ান মাে. ওহাব (১৯) এবং তৈয়বপুর এলাকার মােঃ হাছেনের ছেলে মােঃ আজিম (২৮)।
এই হামলায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান ও কনস্টেবল আসাদ আহত হয়েছেন। শনিবার (৯ মে) বেলা ১১ টার দিকে আশুলিয়ার তৈয়বপুর রাজ পার্কের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এব্যাপারে, হামলার শিকার আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, ‘শনিবার বেলা আনুমানিক এগারোটার দিকে একটি কালাে রংয়ের মােটরসাইকেলে করে তিনজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় তাদের তল্লাসি করলে তারা মােটরসাইকেলের কাগজপত্র দেখাতে অনীহা প্রকাশ করে।
তখন মােটরসাইকেলসহ ওই তিন আরােহীকে থানায় নিয়ে আসার চেষ্টা করলে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন লােক আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এসময় তারা পুলিশের কাজে বাঁধা প্রদান করে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আমি এবং সঙ্গীয় কনস্টেবল আসাদ গুরুতর আহত হই। পরে থানায় বিষয়টি জানালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক অহিদ মিয়া ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে নিয়ে আসেন’।
এব্যাপারে, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, এটা খুবই জঘন্যতম ঘটনা। কর্তব্যরত অবস্থায় পুলিশ অফিসারের ওপর হামলা হয়েছে। আহত উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। বাকী হামলাকারীদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
কেএ/বার্তাবাজার