কুমার নদের পানিতে মিলল ৫০ বস্তা সরকারি চাল!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমার নদের পানিতে অজ্ঞাত কেউ ৫০ বস্তা চাল গোপনে ফেলে গেছে। শনিবার (৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে চালের বস্তা দেখতে পান। চালগুলো খাদ্য মন্ত্রণালয়ের। চালের বস্তায় লেখা রয়েছে গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ।

পানিতে চালের বস্তা পাওয়ার সংবাদটি ছড়িয়ে পড়লে মুহূর্তে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলী, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবীর ও ওসি এলএসডি (ফুড) মিয়ারাজ হুসাইন ঘটনাস্থলে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলী জানান, সাধারণ বস্তায় চাল ভরে পরে ওই বস্তা আবার সরকারি বস্তায় ঢুকিয়ে নদীর পানিতে ফেলা হয়েছে। বস্তাগুলোর চাল খাবার অনুপযুক্ত। এটি সাবটাজ বা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।

ওসি এলএসডি (ফুড) মিয়ারাজ হুসাইন বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর