নিলাম শুরুর ঘন্টা না যেতেই ৩০ লাখ ছাড়াল মুশফিকের ব্যাটের দাম

ই-কমার্স ভিত্তিক ওয়েবসাইট পিকাবুর মাধ্যমে শনিবার রাত ১০ টা থেকে শুরু হয় মুশফিকুর রহিমের ডাবল শতক হাঁকানো ব্যাটের নিলাম। আর শুরুর ঘন্টা যেতে না যেতেই তার দাম উঠেছে ৫ গুণ!

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের আর বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ঐতিহাসিক ব্যাটের নিলাম শুরু হয় ৬ লাখ টাকা ভিত্তিমুল্যে। ঘন্টা না যেতেই ব্যাটটির মূল্য ইতোমধ্যে পৌঁছেছে ৩২ লাখ ৩ টাকায়।

প্রথম ব্যাটের দর হাঁকানো হয় ৬ লাখ ১ টাকা। এরপর তা বেড়ে হয় সাড়ে ৬ লাখ টাকা। এরপর এক লাফে ব্যাটের দাম বেড়ে পৌঁছায় ২৯ লাখ টাকায়। চতুর্থ বিডে ব্যাটের দাম হাঁকা হয় ৩২ লাখ ২ টাকা। ১ টাকা বাড়িয়ে হাঁকানো হয় সর্বশেষ বিড। প্রথম ৩ বিড যারা হাঁকিয়েছেন তাদের নাম ওয়েবসাইটে প্রদর্শন করলেও চতুর্থ ও পঞ্চম বিড হাঁকিয়েছেন বেনামি একজন।

২০১৩ সালে গল টেস্টে ঐতিহাসিক এক কীর্তি করে বসেছিলেন মুশফিকুর রহিম। দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর তিনি হাঁকিয়েছেন আরও একটি ডাবল সেঞ্চুরি। কিন্তু গলের সেই ২০০ রানের ইনিংস স্বভাবতই বিশেষ কিছু হয়ে আছে।

শুধু মুশফিকের ব্যাট নয় , আজ রাতে শুরু হওয়া নিলামে আরো থাকছে আকবরের বিশ্বকাপ জার্সি, ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৫২ রান করা মোসাদ্দেক হোসেনের ব্যাট, ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা মোহাম্মদ নাঈম শেখের ব্যাট, ২০১১ সালের বিশ্বকাপে অংশ নেয়া সকল খেলোয়াড়দের স্বাক্ষরিত ব্যাট এবং মাশরাফি বিন মর্তুজার অটোগ্রাফযুক্ত একটি ক্যাপ। আজ রাত ১০টায় শুরু হওয়া নিলামটি চলবে আগামী বুধবার (১৪ মে) রাত ১০টা পর্যন্ত।

Share this:
কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর