করোনা সংকটে সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনা চান নাসিম

করোনা সংকটের সময় কর্মরত সাংবাদিকদের আরো উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্রদান ও তাদের জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ইতিমধ্যে দুই জন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকেই অনেক অসুবিধার মধ্যে প্রতিনিয়ত সংবাদপত্র চালু রাখতে কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতেও করোনা আক্রান্ত সাংবাদিকদের জন্য কোন সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়নি।

মোহাম্মদ নাসিম বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টফাইটার আজকের সাংবাদিক বন্ধুরা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহর ও মফস্বল অঞ্চলে দিন রাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রান্ত বিভিন্ন খবর, সরকারি ব্যবস্থাপনা, ত্রাণ তৎপরতাসহ চিকিৎসা সংক্রান্ত সকল সুবিধা-অসুবিধার সংবাদ মাঠে থেকে সংগ্রহ করছে।

সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ অন্য বিষয়গুলো কার্যকর করতে এগিয়ে আসতে তথ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান মোহাম্মদ নাসিম।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর