ঈদকে সামনে রেখে দোকানপাট-শপিংমল খোলার সিদ্ধান্ত নিলেও অবশেষে তা কার্যকর হচ্ছে না। রাজাধানীতে বন্ধ থাকছে নিউমার্কেট,বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কের মতো বড় শপিংমল গুলো। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ উদ্যোগে দোকানপাট, শপিংমল, বিভিন্ন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ বিভাগীয় শহরের ব্যবসায়ীরা।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) বিষয়টি নিশ্চিত করেন।
আমিনুল হক শামীম বলেন, ‘মুনাফার চেয়ে ক্রেতা-বিক্রেতাসহ সকলের সুস্থ্যতার বিষয়টি চেম্বার অব কমার্সসহ ব্যবসায়ীদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী নেতৃবৃন্দ বেশ আন্তরিকতা নিয়ে দোকানপাট, শপিংপল, বিভিন্ন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে সম্মত হয়েছে। ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শংকর সাহা, দোকান মালিক সমিতির নেতা এম. বজলুর রশীদ, জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, শফিকর রহমান প্রমুখ।
কেএ/বার্তাবাজার