নাটোরে প্রবেশে পুলিশের বাধা অব্যাহত, সড়ক সরগরম জনসমাগমে

নাটোরে করোনা মোকাবিলায় প্রশাসন কড়াকড়ি অবস্থানে থাকলেও টনক নড়ছে না সাধারণ মানুষের। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তারপরও ঝুঁকি নিয়ে হাট-বাজার ও সড়ক সরগরম জনসমাগমে। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের অহেতুক ঘোরাঘুরি বন্ধে বিভিন্ন মামলা ও জরিমানা করছে বড়াইগ্রাম থানা পুলিশ।

শনিবার (০৯ মে) সকাল ১০টা থেকে দিনব্যাপী নাটোর ও পাবনা জেলার সীমান্তবর্তী এলাকা বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারের ওয়াচ টাওয়ারের নিচে বসানো হয় পুলিশি চেক পোস্ট। দিন-রাত এই চেক পোস্টে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। অহেতুক বের হলে বা কারো গতিবিধি সন্দেহ হলে চেক পোস্টে জেরার পাশাপাশি মামলা দিয়ে জরিমানা করা হচ্ছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের টিএসআই আমিরুল ইসলাম ও বড়াইগ্রাম থানার এস আই আনোয়ার হোসেনের দাবি, জরিমানার ভয়ে সড়কে যান চলাচল এবং অহেতুক ঘোরাফেরা আগের চেয়ে কিছুটা কমেছে।

জনগণকে সচেতন করার পাশাপাশি জেলায় যান চলাচল সীমিত করার চেষ্টা করছে পুলিশ। অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি বা আড্ডা দেয়ার কেউ চেষ্টা করলে সড়ক আইন বিভিন্ন ধারায় মামলা এবং জরিমানা করা হচ্ছে। অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশও দিচ্ছেন তারা।

গত ৩০ এপ্রিল নাটোর পুরো জেলাকে লকডাউন ঘোষণা করার পর ব্যাপক তৎপরতা চালাচ্ছেন পুলিশ সদস্যরা। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ ও অলিগলিতে বাড়ানো হয়েছে পুলিশি টহল। পাশাপাশি চেকপোস্ট বসিয়ে চলছে যান চলাচলের নিয়ন্ত্রণ চেষ্টা।

বড়াইগ্রামের রাজাপুর বাজার চেক পোস্টে দেখা গেছে, বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহীদের জেরা করছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। কাছে গিয়ে জানা গেল, তাদের সঙ্গে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র নেই। কোন কারণ ছাড়াই বন্ধুকে সাথে তিনটি মোটরসাইকেলে ছয় জন বের হয়েছে। পুলিশ তাদের অহেতুক ঘোরাঘুরি করার অভিযোগসহ গাড়ির কাগজপত্র না থাকায় মামলা দিয়ে জরিমানা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা স্যারের নির্দেশনায় বড়াইগ্রাম থানার সব চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তারা সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, প্রয়োজন ছাড়া যেসব মানুষজন গাড়ি, মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে এবং যারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারছেন না তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। এতে করে অহেতুক ঘোরাফেরা বন্ধ হবার পাশাপাশি মামলা জরিমানার ভয়ে অনেকেই বাহিরে বের হবে না। অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ এবং অনুরোধ জানান পুলিশ সুপার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর