ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে ভর্তি থাকা এক নার্স করোনাকে জয় করে ঘরে ফিরলেন।
শনিবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ওই নার্সকে ছাড়পত্র ও ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তিনি হলেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শরিফা আক্তার।
তিনি গত ৩০ এপ্রিল আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন। শরিফা আক্তার এসময় সাংবাদিকদের কাছে কান্নাজরিত কন্ঠে জানান, আমি এখানে নার্স ও চিকিৎসকদের প্রচুর আন্তরিকতা পেয়েছি। আর তাদের এই সেবার কারনে আজ আমি ভালো হয়ে বাড়িতে ফিরে যেতে পারছি। তিনি এসময় সকলের কাছে তার জন্য দোয়া চান।
এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুর রহমান জানান, দু’দফায় তার করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসার পরে শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। এরপর সে বাড়ি ফিরে গেছেন।
এদিকে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলশন ওয়ার্ডে ৭ জন করোনা রোগি ভর্তি রয়েছেন। আর করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন রোগি। শনিবার নতুন দুইজন রোগি বেড়ে এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে মোট ২৬ জন করোনা রোগি।
কেএ/বার্তাবাজার