চট্টগ্রামে জনস্বার্থে মার্কেট সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি। শনিবার (০৯ মে) দুপুর ১২.০০ টায় দামপাড়া পুলিশ লাইন্স এর সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী এলাকার বিভিন্ন ব্যবসায়ী সমিতির সাথে সিএমপি’র এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
সিএমপি সূত্রে জানা যায়, বিভিন্ন শর্ত ও নিয়ম নীতি সাপেক্ষে মার্কেট ও শপিং মল সমূহ খোলা রাখার অনুমতি দেওয়া হলেও করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে নগরীর রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, তামাকুন্ডি লেন,জহুর মার্কেট এর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি সহ অধিকাংশ ব্যবসায়ী সমিতি পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত দোকানপাট, মার্কেট, শপিং কমপ্লেক্স বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাহাবুবর রহমান (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান, বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ; ডিরেক্টর, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম এর সভাপতি, চট্টগ্রাম শপ ওনার্স অ্যাসোসিয়েশন জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দ সহ নগরীর রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, টেরিবাজার, জহুর মার্কেট, সানমার ওশান সিটি, ইউনেস্কো সেন্টার , আমিন সেন্টার,চিটাগাং শপিংকমপ্লেক্স, আফমি প্লাজা, সেন্ট্রাল প্লাজা সহ নগরীর বিভিন্ন দোকান মালিকও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
কেএ/বার্তাবাজার