কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদক মামলায় আটক হয়েছিলেন হামিদুল নামের এক ব্যাক্তি। শুক্রবার (৮ মে) দুপুরের দিকে তাকে হাতকড়া পড়িয়ে রিকশায় চড়ে কুড়িগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যাচ্ছিলেন নাগেশ্বরী থানায় কনস্টেবল আরিফুল ইসলাম ও আফতাব। কুড়িগ্রাম জেলা শহরের ঈদগাহ মাঠ এলাকা থেকে আসামী হামিদুল লাফ দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। ধাওয়া করেও তাকে ধরা যায়নি।
পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানার ওসির সহায়তায় সাড়াশি অভিযান চালিয়ে শুক্রবার রাতেই তাকে শহরের কাটার মোড় থেকে আবার গ্রেফতার করা হয়।
দায়িত্ব পালনে অবহেলা করায় কনস্টেবল আরিফুল ও আফতাবকে সাময়িক বরখাস্ত ও নাগেশ্বরী থানার ডিউটি অফিসার এএসআই মো: শাহাজালালকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। দায়িত্বে অবহেলাকারী পুলিশের দুই কনস্টেবলসহ এক এএসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বার্তাবাজার/এসজে