ফরিদপুরে পিতা ও পুত্রের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ২৬ জন করোনা রোগী শনাক্ত হলো।
শনিবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্র জানায়, যে দুজনের করোনা শনাক্ত হয়েছে তারা সম্পর্কে পিতা ও পুত্র। তাদের বাড়ি ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের একটি গ্রামে। পিতার বয়স ৫৫ ও ছেলের বয়স ২৪। পিতা ঢাকায় একটি পত্রিকার কার্যালয়ে মেশিনম্যান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকেন। বাবা ঢাকায় অসুস্থ হয়ে পড়লে এবং তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ছেলে গত বৃহস্পতিবার বাবাকে নিয়ে ফরিদপুরে আসেন এবং গত শুক্রবার করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য দুজনেই নমুনা দেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে শনিবার নতুন করে দুই করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ২৬ জনের করোনা শনাক্ত হলো। এই ২৬ জনের মধ্যে ফরিদপুর সদরে ৭, নগরকান্দা ও বোয়ালমারীতে ৫ জন করে, ভাঙ্গায় ৩, চরভদ্রাসন ও আলফাডাঙ্গায় ২ জন করে এবং সদরপুর ও মধুখালীতে ১ জন করে। সিভিল সার্জন আরও বলেন, এর মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, সদরের কৈজুরি ইউনিয়নের পিতা-পুত্রের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি