মির্জা ফখরুল চাইলেই ১০ টাকা কেজির চাল ও ত্রাণ দেয়া হবে: খালিদ মাহমুদ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘বিভ্রান্তমূলক কথাবার্তা বিএনপির লোকজন ছড়াচ্ছেন। আমরা পরিস্কারভাবে বলতে চাই, আমরা কারও প্রতি বিষাদগার নয়, মির্জা ফখরুল যদি মনে করেন তিনি ১০ টাকা কেজি চাউলের আওতায় আসতে চান তাহলে আমাদের রাস্তা পরিস্কার আছে। আপনি যদি ত্রাণের আওতায় আসতে চান সেই রাস্তাও আমাদের পরিস্কার আছে। শুধু আপনাদের সম্মতি দরকার। সেই ধরণের নিবেদন করলেই সরকার আপনাদের কাছে ১০ টাকা কেজির চাল ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিবেন।’

শনিবার (আজ ০৯ মে) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ পরিচালনা কমিটির আয়োজনে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ‘যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের কোন প্রকার ক্ষতি হবে না। বাংলাদেশের যেকোন বিপদে একমাত্র শেখ হাসিনাই জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। করোনাভাইরাস মোকাবিলায় বর্তমান সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরাও সকলে সরকারের যেকোন কাজে ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের একজন মানুষও না খেয়ে থাকবে না।’

খালিদ মাহমুদ বলেন, ‘বর্তমানে দেশের মাঠে মাঠে কৃষকের ধান কাটার উৎসব চলছে। অথচ বিএনপি সরকারের আমলে এই উত্তরাঞ্চলে অসংখ্য কৃষককে গুলি করে মেরে ফেলা হয়েছিল। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস এর মধ্যেও বাংলাদেশের কৃষকরা অনেক ভালো আছে।’

দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ শেষে দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৮০০ দুস্থ ও কর্মহীন পরিবারকে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত আসনের মহিলা এমপি জাকিয়া তাবাসসুম জুঁউ, জেলা প্রশাসক (ডিসি) মো. মাহামুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদুল মান্নাফ কবীর, জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক আলতাফুজ্জামান মিতা, সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল সহ প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর