লক্ষ্মীপুরে নিখোঁজের চারদিন পর টয়লেটের টাংকি থেকে দেড় বছর বয়সী শিশু রাহিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১০ টার দিকে সদরের চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব রাজাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রাহিমা ওই গ্রামের ফয়েজ আহমেদ মনুর মেয়ে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৫ মে) দুপুরে শিশু রাহিমা নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে রাতেই ওই শিশুর বাবা ফয়েজ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গত ৪ দিন তাকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ির লোকজন টয়লেটের টাংকির ভেতর শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এম.সি