ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুন্দাইল গ্রামের মৃত হাসেন আলীর পুত্র বাকপ্রতিবন্ধী চান মিয়ার (৪০) স্বত্ব দখলীয় ভূমি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে হামলা ও হুমকী প্রদান করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের জন্য বিশেষ আইন থাকা সত্ত্বেও একাধিকবার বাকপ্রতিবন্ধী ও তার পরিবার হামলা শিকার হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের সুরাশ্রম গ্রামের প্রভাবশালী মৃত লালূ ভুইয়ার পুত্র অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলামের নেতৃত্বে তারই স্বজন কাসেম, হাসেম সহ অজ্ঞাত ১৫/১৬ জন লোকজনদেরকে নিয়ে প্রতিবন্ধী চান মিয়ার পরিবারের উপর হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জান যায়, দীর্ঘ একযোগ পূর্বে প্রতিবন্ধীর ভাই সুরুজ মিয়া ও তারা মিয়ার নিকট থেকে সাফকাওলা মুলে ১৩ শতাংশ জমি ক্রয় করার কথা থাকলেও নুরুল ইসলাম সুকৌশলে বাকপ্রতিবন্ধীর ৪ শতাংশ জমি সহ মোট ১৭ শতাংশ জমি কাওলা করে নিয়ে যান। তবে উক্ত কাওলায় কোন দিক উল্লেখ ছিলনা বলে প্রতিবন্ধী চান মিয়ার স্বত্ব দখলীয় জায়গার দিকে তার নজর পড়ে। পরে প্রতিবন্ধী ময়মনসিংহ জেলা আদালত থেকে অতিরিক্ত চারশতাংশ জমি সহ তার স্বত্ব দখলের পক্ষে ম্যাজিস্ট্রেট রায় ঘোষণা দেন।
বর্তমানে চান মিয়া তার দখলীয় ভূমিতে একটি অর্ধপাকা ঘর নির্মাণ করতে চাইলে নুর ইসলাম গংরা বাধা প্রদান সহ উপর্যুপরী তাদের উপর হামলা চালায়। এতে করে প্রতিবন্ধী পরিবারের ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ অবস্থায় প্রতিবন্ধী পরিবার জান-মালের নিরাপত্তার কথা চিন্তা করে সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে নুরুল ইসলাম অভিযোগের বিষয়টি মিথ্যা বলে দাবী করেন।
বার্তা বাজার/এম.সি