দেশে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসের প্রায় ৮০ জন গণমাধ্যমকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও দুজন সাংবাদিকের। এ পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে শনিবার (৯ মে) জরুরি যৌথসভা ডেকেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ ও ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু স্বাক্ষরিত এক চিঠিতে শনিবার সকাল ১১টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় দুই সংগঠনের নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সভার আলোচ্য সূচিতে ‘করোনা সংক্রমণে সাংবাদিকের মৃত্যু ও ইউনিয়নের করণীয় এবং বিবিধ বিষয়ে আলোচনা’ লেখা হয়েছে চিঠিতে।
দেশে এখন পর্যন্ত ৮০ জনের মতো সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন মারা গেছেন। মৃত ওই সাংবাদিক হলেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন।
আরও দুজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এ দুই সাংবাদিক হলেন দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।
বার্তা বাজার / ডাব্লিও.এস