করোনায় আক্রান্ত একই পরিবারের ৯ জন

করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। তারই ধারাবাহিকতায় গতকাল(শুক্রবার) নরসিংদীর মাধবদীতে একদিনে সর্বোচ্চ ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। ওই পরিবারের বসবাস করা ভবনে থাকা ইউসিবি ব্যাংকসহ ভবনটি লকডাউন করেছে প্রশাসন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৬ মে পরীক্ষার জন্য নরসিংদী থেকে ঢাকায় মোট ৬৪ জনের নমুনা পাঠানো হয়। পরীক্ষায় ৯ জনের করোনা পজিটিভ ফলাফল আসে। তারা সবাই মাধবদীর এক পরিবারের সদস্য। আক্রান্ত এই পরিবারটি মাধবদী বাজার ব্যাংকপট্টির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ভবনের বাসিন্দা।

এ নিয়ে মাধবদীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। এর আগে মাধবদী পৌর এলাকার আলগী মনোহরপুরে এক পরিবারে তিন জন এবং মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরের একজন করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের সবাই বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নরসিংদী সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া বলেন, একই ভবনে ৯ জন করোনা পজেটিভ আসায় ওই ভবনটি লকডাউন করা হয়েছে। ভবনটিতে ইউসিবি ব্যাংকের একটি শাখাা থাকায় ওই ব্যাংটিকেও লকডাউনের আওতায় আনা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর